ভিসা নীতির মধ্যেই বিএনপির ব্যাপারে কঠোর অবস্থানে সরকার
- আপডেট সময় : ০৬:০২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির এক দফা আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দলটিকে আর পুরো শক্তি নিয়ে আন্দোলনে নামতে দেবে না সরকার। বিএনপি নামতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে তা দমনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে।’
আওয়ামী লীগ ও সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায় থেকে বিএনপির কর্মসূচির ওপর নিয়ন্ত্রণের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এর পরপরই বিএনপির ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের থেকে বেশি সক্রিয় হয়েছে। যদিও গত দুই মাস ধরে বিএনপির আন্দোলনের ব্যাপারে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের নমনীতা নীতি গ্রহণ করে আসছিল। তবে এখন সে অবস্থানে সরে আসার সিন্ধান্ত নেয়া হয়েছে’।
উল্লেখ্য যে, গত ২৪ মে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের স্বার্থে এক নতুন ভিসা নীতির কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, বাংলাদেশের কোন ব্যক্তি যদি এদেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী হন বা এরকম চেষ্টা করেছেন বলে প্রতীয়মান হয়-তাহলে যুক্তরাষ্ট্র তাকে এবং তার পরিবারের সদস্যদের ভিসা দেয়ার ওপর বিধিনিষেধ আরোপ করবে। শুধু তাই নয়, সভা-সমাবেশের বাধা দেয়া হলেও তারা মার্কিন ভিসা নীতির আওতায় পড়বে। এরপরই পুলিশ প্রশাসন এবং সরকার বিএনপির আন্দোলনের ব্যাপারে নমনীয় অবস্থান গ্রহণ করে।’
তবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রগুলো বলছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে বিএনপি। এই পরিকল্পনার অংশ হিসেবেই ‘বিএনপির হাইকমান্ডের নির্দেশে’ দলটির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্র সংগ্রহ করছে বলে জানিয়েছে পুলিশ। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এর মধ্যেই ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তারও করেছে পুলিশ।’
গ্রেপ্তার ছাত্রদলের ছয় নেতাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী জানান, বিএনপির হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শাখাগুলো রাজপথে শক্তির মহড়া দিতে অস্ত্র সংগ্রহ করছে। এর মাধ্যমে তারা জনমনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করতে চায়। সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল তাদের।’
এদিকে নির্বাচনকে ঘিরে বিএনপির নাশকতার পরিকল্পনার বিষয়টি সামনে আসায় বিএনপির আন্দোলনের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। এতদিন দলটিকে সভা-সমাবেশ করতে দেয়া সুযোগ দিলেও এখন থেকে বিএনপিকে মাঠে নামতে না দেয়ার পক্ষে সরকারের নীতিনির্ধারক মহল। বিএনপি যেন পুরো শক্তি নিয়ে আন্দোলনের মাঠে না নামতে পারে বা আন্দোলন মুখ থুবড়ে পড়ে সেজন্য দলের নেতাদের বিরুদ্ধে পুরনো মামলাগুলো সচল করার উদ্যোগ নেয়া হয়েছে বলে সরকারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বিএনপি এখন থেকে যতই তৎপরতা চালাক না কেন তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে সরকারের কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে জানা গেছে।’
















