কিছু মিথ্যে শুধু পাপ নয়, অ্যালবাট্রস হত্যার অপরাধ
- আপডেট সময় : ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে

গত বুধবার ভোর থেকে শুরু হয় পিআইসিইউ আছে, এমন একটা হাসপাতালে আমাদের এগারো মাস বয়সী ছোট্ট পল্লবি শান্তনু সোনমের জন্য শয্যা পাওয়া। কয়েকটা হাসপাতাল ঘুরে পরে পেয়েছি। সাংবাদিক, সহযোদ্ধা যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞ। এ দেশ এতো দুর্বলতা, অব্যবস্থাপনা, অনিয়মের সঙ্গে ডেঙ্গু মোকাবেলা করছে যে, ভুক্তভোগী, আক্রান্ত ছাড়া অন্যদের পক্ষে তা অনুধাবন করা অসম্ভব। প্রত্যেক ডেঙ্গু রোগীর জন্য সরকার পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ রেখেছে, সরকারি হাসপাতালে সব চিকিৎসা বিনামূল্যে- এসব ‘কেতাবি’ কথাবার্তায় পরিস্থিতি বোঝার কোনো সুযোগ নেই। ডেঙ্গু আক্রান্ত যেসব রোগীকে সাতটি ইনজেকশন দিতে হয় (দাম পড়ে তিন লাখ টাকা), সেগুলো কি দেশের কোনো সরকারি হাসপাতালে বিনামূল্যে দেয়া হয়?
যাদের যা করার কথা, তাদের মধ্যে বেশিরভাগজনই তা করছেন না। উল্টো মিথ্যে বলে বেড়াচ্ছেন। এসব মিথ্যে শুধু পাপই নয়, অ্যালবাট্রসের মতো নিষ্পাপ পাখি হত্যার মতো অপরাধ। আমাদের অ্যালবাট্রস হচ্ছে উমররা (ডেঙ্গুতে কয়েকদিন আগে মারা গেছে)। বুধবার, বৃহস্পতিবার সোনমের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। মানুষের বেঁচে থাকার জন্য আয়ু যদি এতোই মুখ্য হয়, সবাই দয়া করে স্রষ্টার কাছে প্রার্থনা করুন, আমার আয়ুগুলো যেন তিনি সোনমকে দিয়ে দেন। সোনম জন্ম থেকে রোগাক্রান্ত। পৃথিবীর আলো-বাতাসকে নিজের জন্য সহনশীল করতে ও অবিরাম সংগ্রাম করছে। একটার পর একটা রোগের উপসর্গ ওর লড়াই কঠিন করে তুলছে। সবাই ওর জন্য আশীর্বাদ, প্রার্থনা, দোয়া করবেন।
এ স্ট্যাটাসে যুক্ত ছবিটা সম্ভবত সোনমের মাস-তিনেক বয়সে (ঠিক সময়টা এ মুহূর্তে মনে নেই) তোলা। যাদুধনের সেই মুখচ্ছবি এখন নেই। অনেকে ফেসবুকের বার্তাঘরে, মুঠোফোনের বার্তায় সোনমের খবর জানতে চেয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞ। বার্তার জবাব না দেয়া, ফোন ধরতে না পারায় দয়া করে কিছু মনে নেবেন না।
বাস্তবভিত্তিক লেখাটি লিখেছেন সিনিয়র সাংবাদিক হাসান শান্তনু।

















