মার্কিন দূতাবাসের বিবৃতি, যা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়’
- আপডেট সময় : ০৬:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সড়ক বন্ধ করা হবে কি না-মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন প্রশ্ন করেছেন কি না তা নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৩ অক্টোবর’) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে আসন্ন নির্বাচন, বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
আলোচনায় রাষ্ট্রদূত উল্লেখিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা ও মতামত জানতে চেয়েছেন। সাক্ষাতের পর মিডিয়া ব্রিফিং করেন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে পূর্বাপর আলোচনার মর্মার্থ এবং তথ্যের ভিত্তিতে প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।
এর আগে রোববার (২২ অক্টোবর’) রাতে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এক বিবৃতিতে জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় সড়ক বন্ধ করার বিষয়ে আলোচনা হয়নি।
















